অর্থপাচার একটি বড় সমস্যা: ইফতেখারুজ্জামান

দুর্নীতির বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থপাচার একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক সময় আইনি কাঠামোর কারণে অর্থ পাচারকারীরা অনেক দেশে বিনিয়োগের সুযোগ পায়। তবে সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এমন মন্তব্য করেছেন।
আজ মঙ্গলবার টিআইবি কার্যালয়ে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (আনকাক) ওপর এক মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) ও টিআইবি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
ইফতেখারুজ্জামান বলেন, দেশে সংঘটিত বড় দুর্নীতিগুলোর সঙ্গে উন্নত দেশগুলোর বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে দুর্নীতি শুধু বাংলাদেশ বা উন্নয়নশীল দেশগুলোর সমস্যা নয়, এ সমস্যা উন্নত বিশ্বেরও।
প্রতিবছর দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ পাচার হচ্ছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পণ্যের দাম বেশি বা কম দেখিয়ে মোট পাচারের ৬০ ভাগই আমদানি-রপ্তানির নামে পাচার হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের উদাহরণ টেনে তিনি বলেন, এমন অনেক দেশ আছে, তারা এমনভাবে নিজেদের আইন-কানুন তৈরি করেছে যে সেসব দেশে যে কেউ বিনিয়োগ করতে পারে। কিন্তু সে অর্থ কোত্থেকে আসছে, এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয় না। এতে অর্থ পাচারকারীরা সেখানে নিরাপদ বিনিয়োগে উৎসাহিত হয়।
ইফতেখারুজ্জামান বলেন, মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশি বিত্তশালীদের বিনিয়োগ বাড়ছে। এটা উদ্বেগের। এভাবে দেশে-বিদেশে অর্থপাচার, দেশের মধ্যে ছোট ও বড় ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনা প্রতিরোধ করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগী হতে সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার নজির দুদক ইতিমধ্যে স্থাপন করতে সক্ষম হয়েছে। অন্যান্য ঘটনাগুলোতে টাকা ফেরত আনার উদ্যোগ না নিলে সাধারণ মানুষ মনে করবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্যই এটা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ২১ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে দুদক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, র্যাকের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক এইচ এম সাগর, আদিত্য আরাফাত, তাওহীদ সৌরভ, আহমেদ ফয়েজ, সিরাজুল ইসলাম, হাসিব বিন শহিদ, এম এ রহমান মাসুম, গোলাম সামদানী, রিশাদ হুদা, সাঈদ আহমেদ, জেসমিন মলি প্রমুখ।