অর্থপাচার মামলায় প্রবাসী ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দেশের জায়গা যুক্তরাজ্যের লন্ডনে বসে কেনা-বেচা করার অভিযোগে প্রবাসী ছেলেসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিলেট মহানগর পুলিশের একটি দল দুদকের অর্থপাচার আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৈয়দের গাঁও ইউপির চেয়ারম্যান সুন্দর আলী (৫২) ও তাঁর লন্ডনপ্রবাসী ছেলে শিপন আহমদ ওরফে শিপন মিয়া (৩২)।
দুদকের ভাষ্য, সম্প্রতি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সৌহিদপুর ইউনিয়নের লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে তিনটি দলিলের মাধ্যমে ওই এলাকায় তিন দশমিক দুই একর (৩২০ শতক) জায়গা কেনেন ইউপি চেয়ারম্যান সুন্দর আলী। বৈধভাবে দেশে টাকা নিয়ে আসার ব্যবস্থা থাকার পরও জায়গা কেনার তিন কোটি ৮৩ লাখ টাকা লন্ডনে বসে পরিশোধ করেন শিপন মিয়া। এ কারণে সরকার রাজস্ব হারিয়েছে। এ ঘটনায় ওই এলাকারই বাসিন্দা রুহুল আমিন দুদকের আইনে মামলা করেন সিলেটের দুদক আঞ্চলিক কার্যালয়ে। এ ঘটনায় নিজ বাসা থেকে সুন্দর আলীকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত আড়াইটার দিকে শিপন মিয়াকে আটক করা হয়। আজ সাড়ে বেলা সাড়ে ১১টার দিকে তাদের কোতোয়ালি থানায় গ্রেপ্তার দেখানো হয়।
দুদক সিলেটের পরিচালক মো. আবুল হাসান বলেন, দেশের জায়গা লন্ডনে কেনা-বেচা করায় প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছে সরকার; যা অর্থপাচার আইনে অপরাধ।