অর্থের বিনিময়ে যুবলীগের কমিটি গঠনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের বিনিময়ে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ওই কমিটি অনুমোদন দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর উপজেলা কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের জন্য ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই দিন কমিটি গঠন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। পরে গোপনে উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিনের যৌথ স্বাক্ষরে শফিকুল ইসলামকে সভাপতি ও মিনহাজ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে তা গত ১৬ ডিসেম্বর অনুমোদন দিয়ে বগুড়া জেলা কমিটির কাছে পাঠানো হয়।
কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ জানুয়ারি স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন। এতে উপজেলা যুবলীগের সভাপতি ক্ষিপ্ত হয়ে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গোপনে আর্থিক লেনদেনের মাধ্যমে কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে বলে লিখিত বিবৃতি দেন। এ বিষয়ে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলতে রাজি হননি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন বলেন, ‘উপজেলা যুবলীগের সভাপতির অনুমতিক্রমেই কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। পরে সেই কমিটি সভাপতি ও আমার যুক্ত স্বাক্ষরে অনুমোদন দিয়ে জেলা কমিটির কাছে পাঠানো হয়।’ তিনি অভিযোগ করেন, ‘এ কমিটি অনুমোদন দেওয়ার সময় সভাপতি আমার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি তাঁর বিরুদ্ধে উল্টাপাল্টা বিবৃতি দিচ্ছেন।’
উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান দাবি করেন, ‘গত ৩ ডিসেম্বর সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়। গত ২৪ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের পরিকল্পনা ছিল। কিন্তু সাধারণ সম্পাদক আমাকে না জানিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি অনুমোদন দিয়ে পত্রিকায় প্রকাশ করেছেন। আমি তাঁর কাছে কোনো টাকা দাবি করিিন। সাধারণ সম্পাদক নিজের দোষ ঢাকার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে।’