অর্ধ কোটি টাকা নিয়ে এনজিও উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে ঋণের বিমা বাবদ কয়েক শ লোকের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কেয়ার বাংলাদেশ নামধারী একটি ভুয়া বেসরকারি সংস্থা (এনজিও)।
গত বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির লোকজন নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকার দুই ভাই প্লাজায় অবস্থিত কার্যালয় ছেড়ে চলে যাওয়ার ঘণ্টা খানেক পর ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ এসে কার্যালয়ের ভেতর থেকে কাগজপত্র জব্দ করে থানায় নিয়ে যায় এবং কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়।
প্রতারণার শিকার গাঙ্গাইল ইউনিয়নের পাছদরিল্লা গ্রামের মো. উজ্জ্বল ভূঁইয়া বাদী হয়ে সংস্থাটির ব্যবস্থাপক সুমন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গত শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।
ভবনের মালিক আবদুল আজিজ বলেন, গত ২৩ মার্চ সুমন পাটোয়ারী নামের এক ব্যক্তি সংস্থাটির ব্যবস্থাপক পরিচয় দিয়ে মাসিক আট হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নেন। ওই ব্যক্তি নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেওয়ার পর সংস্থাটি স্থানীয়ভাবে কিছু লোক নিয়োগ করে উপজেলার গাঙ্গাইল, মুশুলি ও রাজগাতী ইউনিয়নে কার্যক্রম শুরু করে। মুশুলি ইউনিয়নের চপই গ্রামের গিয়াস উদ্দিন জানান, তাঁর ছোট একটি মৎস্য খামার রয়েছে। ওই খামারকে আরও বড় করার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেন সংস্থাটির ব্যবস্থাপক। ঋণের বিমা বাবদ তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা আগাম নেওয়া হয়।
স্বল্প সুদ ও বছরে দুটি কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধের প্রলোভন দেখিয়ে ১৭ দিনে সংস্থাটি শতাধিক ব্যক্তির কাছ থেকে ঋণের বিমা বাবদ অর্ধ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা নিয়েছে সংস্থাটি। এ ছাড়া প্রতিজনের কাছ থেকে জমির মূল দলিল, নাম খারিজের কাগজ, খালি স্ট্যাম্পে সই ও তিনটি খালি চেক নেয় সংস্থাটি।
উল্লিখিত তিনটি ইউনিয়নের ১০ জন লোকের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) মুশুলি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংস্থাটি ঋণ প্রদানবিষয়ক সমাবেশ আহ্বান করেছিল। ওই সমাবেশে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে চার-পাঁচ দিন এলাকায় মাইকিং করেছে সংস্থাটি।
এ প্রসঙ্গে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ নূর আলম বলেন, তিনি এখানে সদ্য যোগদান করেছেন। একজন ইউপি সদস্যের মাধ্যমে সংস্থাটির আর্থিক কার্যক্রম পরিচালনার খবর জানতে পেরে তিনি নান্দাইল থানার ওসিকে ফোনে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ইউএনওর ফোন পেয়ে তিনি ওই কার্যালয়ে পুলিশ পাঠিয়েছিলেন। তবে সেখানে একজন পিয়ন ছাড়া কাউকে পাওয়া যায়নি। ওই পিয়নকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
নান্দাইলের সদ্য সাবেক ইউএনও অহিদুল ইসলাম বলেন, তাঁর জানামতে কেয়ার বাংলাদেশ নামে কোনো এনজিওর ওই উপজেলায় কাজ করার অনুমতি নেই।
সমাবেশে উপস্থিত থাকা নিয়ে সংস্থার উদ্যোগে তাঁর নাম উল্লেখ করে মাইকিং করার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন জায়গায় সংস্থাটি সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। এর পরই তাঁরা দ্রুত পালিয়ে যান। তিনি আরও বলেন, তিনি এলাকার মানুষকে সংস্থার লোকজনের সঙ্গে টাকা লেনদেন না করতে বলেছিলেন।
এ বিষয়ে জানার জন্য সাংসদের মুঠোফোনে বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কেয়ার বাংলাদেশ নামে সংস্থার কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত নন।