অর্ধকোটি টাকা নিয়ে কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রামীণ ডিপিএস ও একক বিমার প্রায় অর্ধকোটি টাকা নিয়ে জেলা কার্যালয় বন্ধ করে কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসির উদ্দিন নামের একজন গ্রাহক। এতে বলা হয়, ২০০৯ সালের মাঝামাঝি সময়ে উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার প্রায় ১৪০ জন গ্রাহক সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রামীণ ডিপিএস ও একক বিমা করেন। প্রতি মাসে কোম্পানির নরসিংদী কার্যালয়ের হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেন কিস্তির টাকা আদায় করতেন। কিন্তু গত বছরের জানুয়ারি থেকে হঠাৎ কর্মকর্তারা আসা বন্ধ করে দেন। তত দিনে একক বিমা প্রায় ২০ লাখ টাকা ও গ্রামীণ ডিপিএসের ৩০ লাখ টাকা জমে। কয়েক মাস অপেক্ষা করে কয়েকজন গ্রাহক নরসিংদী কার্যালয়ে যান। কিন্তু গিয়ে দেখেন, যে বাসায় জেলা কার্যালয়টি ছিল সেখানে তালা ঝুলছে। বাড়ির লোকজনের কাছে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, কোম্পানির লোকজন বাসা ছেড়ে দিয়েছেন। পরে কয়েকজন গ্রাহক ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন। কয়েক মাস হয়রানির পর সেখান থেকে তাঁদের কোম্পানির সাভার কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। কিন্তু সাভার কার্যালয়ে যোগাযোগ করা হলেও গড়িমসি করা হচ্ছে।

এ বিষয়ে গতকাল রাতে মুঠোফোনে জানতে চাইলে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের উপমহাব্যবস্থাপক (উন্নয়ন ও প্রশাসন) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্রের রেকর্ড অনুযায়ী নরসিংদীতে আমাদের কার্যালয় চালু আছে। আজকে একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল (আজ বুধবার) সংশ্লিষ্ট লোকজনকে তলব করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’