অর্ধকোটি টাকার গাঁজাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ধরলা সেতুর চেকপোস্ট এলাকা থেকে গতকাল শনিবার অর্ধকোটি টাকা মূল্যের ৩৮৬ কেজি গাঁজাসহ রজব আলী (২২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। রজব আলী রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজার একটি বড় চালান কুড়িগ্রাম থেকে রাজশাহী যাচ্ছে, এ খবরে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহর নির্দেশে গত শুক্রবার সন্ধ্যা থেকে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশ ওত পেতে থাকে। দীর্ঘ ১৩ ঘণ্টা অভিযানের পর গতকাল সকাল ১০টায় ধরলা সেতুর চেকপোস্টে রাজশাহীগামী একটি ট্রাককে চ্যালেঞ্জ করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম, কনস্টেবল আখিরুল, সাজ্জাদ হোসেন ও তারিফুল ওই ট্রাকে তল্লাশি চালায়। ধানের তুষভর্তি ট্রাকটির মাঝখানে গর্ত করে বিশেষ কায়দায় ২৮ প্যাকেট গাঁজা রাখা ছিল। পরে ট্রাকসহ রজবকে আটক করে থানায় আনা হয়। অভিযান সমন্বয় করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) সনাতন চক্রবর্তী। পরে পুলিশ সুপারের উপস্থিতিতে ট্রাক থেকে গাঁজা নামানো হয়। পরিমাপ করে ৩৮৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ১৩ হাজার টাকা কেজি দরে এ গাঁজার মূল্য প্রায় ৫০ লাখ ২১হাজার ৯০০টাকা।