অর্ধশতাধিক তালায় সুপার গ্লু, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকা দুটি আবাসিক ছাত্রাবাস খুলে দিয়ে সেখানে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘট ১১ দিন স্থগিত থাকার পর গতকাল রোববার আবার শুরু হয়েছে।
ঈদ ও পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রথম দিনেই গতকাল সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন কক্ষের প্রায় অর্ধশতাধিক তালায় সুপার গ্লু লাগিয়ে বিকল করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত অন্য তিনটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্মেসি বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা ছিল। এর মধ্যে রাজনীতি বিজ্ঞান ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভিন্ন কক্ষের তালায় সুপার গ্লু লাগানো হয়। সকালে ওই দুই বিভাগে কর্মরত কর্মচারীরা তালা খুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে নিরাপত্তা দপ্তরের কর্মচারীরা এসে তালাগুলো কাটেন। এরপর রাজনীতি বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের কয়েকটি কক্ষের তালায় সুপার গ্লু লাগায়। পরে নিরাপত্তা দপ্তরের সহযোগিতায় তালাগুলো কেটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটানো অনৈতিক। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।’
ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে চলতি বছরের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাস এবং ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে শাহ আমানত ছাত্রাবাসের সব আসন বাতিল করা হয়। এর পর থেকে ছাত্রাবাসগুলো খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্যাতিত আবাসিক শিক্ষার্থীদের’ ব্যানারে গত ৩১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির। এর মধ্যে ১০ সেপ্টেম্বর শিক্ষকবাসে ককটেল হামলা চালানো হলে ১২ শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। দীর্ঘ এক মাস অবরোধের পর ঈদ ও পূজা উপলক্ষে ১ থেকে ১০ অক্টোবর ধর্মঘট স্থগিত করেন আন্দোলনকারীরা।
তবে আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা বারবার অস্বীকার করে এলেও এতে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।