অর্ধশতাধিক ভুয়া মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়ার অভিযোগ
রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক ভুয়া মুক্তিযোদ্ধা বা তাদের উত্তরাধিকারদের সম্মানী ভাতা দেওয়ার জন্য সুপারিশ করার অভিযোগ পাওয়া গেছে। অনেকেই ইতিমধ্যে ভাতা উত্তোলন করেছেন। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণসংক্রান্ত উপজেলা কমিটি তাদের ভাতা প্রদানের জন্য সুপারিশ করেছে।
এ ব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র থাকলেই ভাতা প্রদানের জন্য একটা নির্দেশনা আমরা পেয়েছি। তবে অভিযোগের বিষয়টি তদন্ত হলে তখন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন দফায় পাঠানো তালিকায় প্রথমে ২৭ জন, তারপর ৫২ জন ও সর্বশেষ নয়জনসহ মোট ৮৮ জনকে সম্মানী ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় যাঁদের তালিকা পাঠানো হয়েছে তাঁরা ইতিমধ্যে ১৫ মাসের ভাতা হিসাবে প্রথম ১২ মাসের ৩৬ হাজার এবং পরবর্তী তিন মাসের (মাসে পাঁচ হাজার করে) ১৫ হাজার টাকা উত্তোলন করেছেন। বাকি নয়জনের সুপারিশ পাঠানো হলেও ভাতা দেওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই তালিকার বেশির ভাগ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় তাঁদের নামও নেই। মুক্তিযোদ্ধাদের একটি নীতিমালার ভিত্তিতে ভাতা দেওয়া হয়ে থাকে।
তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, কিছু ব্যক্তি ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে আর্থিক লেনদেনের মাধ্যমে জাল সনদপত্র ব্যবহার করে তালিকা করা হয়েছে। তাঁদের নামের পাশে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রদত্ত যে নম্বর ব্যবহার করা হয়েছে তাও ভুয়া। এই ভাতাভোগীদের টাকা ব্যাংক থেকে উঠানোর সময় খালেক কমান্ডারসহ কয়েকজন অনৈতিকভাবে তাঁদের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেছেন।
নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণসংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এই কমিটির অন্য সদস্যরা হলেন: পৌরসভার মেয়র, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দুজন প্রতিনিধি, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলার সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুজন গণ্যমান্য ব্যক্তি।
তাঁদের মধ্যে এই তালিকায় স্বাক্ষর করেছেন উপজেলার সাবেক ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহম্মদ মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি নূরুন্নবী ও বাঘা উপজেলা কমান্ডের বর্তমান কমান্ডার আবদুল খালেক।
তবে আবদুল খালেক দাবি করেন, এই ভাতার জন্য তালিকা পাঠানোর আগেই বাঘা উপজেলা কমান্ডের কমিটি ভেঙে দেওয়া হয়। এবার নির্বাচন হয়েছে। কিন্তু এখনো তিনি দায়িত্ব পাননি। তিনি এর মধ্যে নেই।
যোগাযোগ করা হলে সাবেক ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন বলেন, খুব তাড়াতাড়ি এটা করতে হয়েছে। না করলে বরাদ্দটা ফেরত যেত।