অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর অবৈধ হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অর্ধশতাধিক গবাদিপশুর হাট গড়ে উঠেছে। কোথাও জোর করে এসব হাট বসানো হয়েছে, কোথাও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে অবৈধভাবে ইজারা নিয়ে হাট বসানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা সদরে কমপক্ষে ১২টি, দৌলতখানে ৫টি, বোরহানউদ্দিনে ৮টি, তজুমদ্দিনে ৩টি, লালমোহনে ৮টি, চরফ্যাশনে ১২টি, মনপুরায় ২টিসহ অর্ধশতাধিক স্থানে পশুর অবৈধ হাট বসছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা প্রাণ গোপাল দে বলেন, স্কুল-কলেজের মাঠ সরকারি। এখানে পশুর হাট বসানোর কোনো বৈধতা নেই। তবু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি জোর করে পশুর হাট বসাচ্ছে।

গত এক সপ্তাহে অন্তত আটটি হাট ঘুরে দেখা যায়, পশু ব্যবসায়ীরা ছুটি না হতেই গরু নিয়ে এসব বিদ্যালয়ের মাঠে ঢুকছেন। হাটের ইজারার টাকা তোলার নাম করে গরুপ্রতি পাঁচ শ ও প্রতিটি ছাগলের জন্য দুই শ করে টাকা নেওয়া হচ্ছে। গত বুধবার সদর উপজেলার পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে হাট বসানো হয়েছে। গরু বিদ্যালয়ের ভবনের পিলারের সঙ্গে বাঁধা হচ্ছে।

হাটের অন্যতম ইজারাদার মো. আরশাদ বলেন, ‘স্কুল কমিটির কাছ থেকে ৯০ হাজার টাকায় ১০ জন হাট ইজারা নিয়েছি। প্রতিটি পশুর চালান বাবদ খরচ থেকে এ টাকা তুলছি।’

ব্যাঙ্কেরহাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, কথা ছিল ব্যাঙ্কেরহাট ডিগ্রি কলেজ মাঠে হাট বসবে। এখন তাঁর বিদ্যালয়ের মাঠও দখল করা হয়েছে।

গত মঙ্গলবার ভোলা সদরের মোস্তফানগর গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও জাদুঘর এলাকায় গিয়ে দেখা গেছে, পশু বিক্রেতারা জাদুঘরের লোহার গ্রিলে গরু-ছাগল বেঁধে রেখেছেন।

পাশের ঈদগাহের সভাপতি সরদার লোকমান বলেন, মাঠের পাশে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে ঈদগাহ রয়েছে। সেটি রক্ষণাবেক্ষণের খরচ উঠাতে ঈদগাহ কর্তৃপক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পশুর হাট বসিয়ে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরসহ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়েছে।

ভোলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও জাদুঘর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা, খেলাধুলা বিঘ্নিত করাসহ একজন বীরশ্রেষ্ঠকে অসম্মান করা হচ্ছে। এটা দুঃখজনক।

রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের ইজারাদার বাকের মৃধা পাশের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পশুর হাট বসিয়েছেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে বিদ্যালয়ের মাঠে হাট বসাতে বলেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, ইজারাদারকে নিষেধ করলে ইউএনও তাঁকে ফোন করে পশুর হাট বসাতে নির্দেশ দেন।

সদরের ইউএনও কাজী তোফায়েল হোসেন বলেন, ‘জনগণের চাহিদার ভিত্তিতে বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসেছে। এটা শত বছর ধরে চলে আসছে। তবে আমরা ভবিষ্যতে হাট কর্তৃপক্ষকে বলব কোরবানির পর মাঠ পরিষ্কার করে দিতে।’

জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুহাট বসতে তিনি কোনো অনুমোদন দেননি। এসব প্রতিষ্ঠানের প্রধানেরা অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেবেন।