অর্ধেক জীবন জেলে কাটিয়ে আবার অস্ত্রবাজিতে রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম (ডানে) ও তাঁর সহযোগী আরমান

পুরান ঢাকার ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম ওরফে রতন জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন কারাগারে। হত্যা, বোমাবাজি ও অস্ত্র মামলায় দুই দফায় ২৩ বছর দণ্ড ভোগ করেন। কিন্তু তিনি আবার জড়িয়েছেন অস্ত্রবাজিতে। ভাড়াটে সন্ত্রাসী হিসেবে জমি দখল করতে গিয়ে গুলি ছুড়েছেন তিনি। বুধবার ঢাকার সাভার ও হাজারীবাগ থেকে সহযোগী মো. আরমানসহ তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় ডিবি। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, হাজারীবাগের শিকারীটোলা এলাকায় আবুল হাশেম ও মো. মামুনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আবুল হাশেম ভাড়াটে সন্ত্রাসী রফিক বাহিনীর ৮ থেকে ১০ জনকে ভাড়া করেন। চলতি মাসের ৪ তারিখ ভাড়াটে নিয়ে হাশেম ওই জমিতে দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন। ওই সময় মামুনসহ তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। তখন রফিক বাহিনীর প্রধান রফিকুল মামুনকে গুলি করেন। ওই ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। বুধবার দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ’৯০–এর দশকে পুরান ঢাকার লালবাগে মিছিলে বোমা হামলা চালিয়ে সানুকে হত্যা করা হয়। ওই মামলায় ১৯৯৬ সালে রফিকুল ইসলাম গ্রেপ্তার হন।

দোষী সাব্যস্ত হলে ২০১৭ সাল পর্যন্ত তিনি টানা ২২ বছর কারাভোগ করেন। জেল থেকে বেরিয়ে বছরখানেক চুপচাপ থাকলেও আবার শুরু হয় তাঁর সন্ত্রাসী জীবন। ২০১৯ সালে আবার অস্ত্রসহ গ্রেপ্তার হন। এক বছর জেলে থেকে বেরিয়ে আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন। রফিকের বিরুদ্ধে এখন পর্যন্ত চার-পাঁচটি মামলার তথ্য মিলেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, জমি দখল নিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। কিশোর গ্যাং অপরাধ রোধের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাং অপরাধ নিরসনে গোয়েন্দা দল এবং থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদের মদদদাতা যদি কেউ থাকে, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।