অর্ধেক দামে পাট বেচে পাঁচ কোটি টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রপ্তানির জন্য তৈরি করা পাট পাঁচ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে অর্ধেক দামে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তা। তড়িঘড়ি করে, নিয়ম না মেনে এবং পরিচালনা বোর্ডের অনুমোদন না নিয়ে এ পাট বিক্রি করা হয়েছে। ফলে সরকারের প্রায় পাঁচ কোটি টাকা লোকসান হয়েছে। অভিযোগ উঠেছে, বেসরকারি পাঁচ প্রতিষ্ঠানের কাছ থেকে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে এত বড় অনিয়ম করা হয়েছে।
সরকারের একটি কমিটি তদন্ত করে অনিয়মের সঙ্গে এই তিন কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে। তিন কর্মকর্তার বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে মন্ত্রণালয়। বিজেএমসির এ তিন কর্মকর্তা হলেন মহাব্যবস্থাপক (বিপণন) শাহাদত হোসেন খান, পরিচালক (মার্কেটিং) লেনিন কামাল ও উপব্যবস্থাপক (বিক্রয়-বরাদ্দ) আবদুল লতিফ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিজেএমসির বিভিন্ন পাটকলে ভারতে বিক্রির জন্য উৎপাদিত ৩২ লাখ পাটের ব্যাগ কম দামে বিক্রি করে করপোরেশনের বড় অঙ্কের আর্থিক ক্ষতি করা হয়েছে। এ জন্য বিজেএমসির ওই তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। বিক্রয়পদ্ধতি না মেনে বা দরপত্র আহ্বান না করে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে ৩২ লাখ বস্তা পাটের ব্যাগ কম দামে বিক্রি করেছেন তাঁরা। এ ক্ষেত্রে মিলের স্টক পণ্যের বিক্রয়পদ্ধতি যেমন মানা হয়নি, তেমনি রেডি স্টক হিসেবে বোর্ড সভার অনুমোদনও নেওয়া হয়নি, শুধু নথিতে অনুমোদন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার ভিকার ইন্টারন্যাশনাল, পাবনার মেসার্স সাজিদ জুট মিলস, এম এম জুট ফাইবারস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স পূরবী ট্রেডিং ও মেসার্স খান এন্টারপ্রাইজ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিজেএমসির বিভিন্ন মিলে প্রায় ১৬ হাজার পণ্য মজুত পড়ে আছে, যা ভারতে রপ্তানির জন্য নিয়মমাফিক ৪০ শতাংশ অগ্রিম টাকা বা জামানত গ্রহণ ছাড়াই উৎপাদন করা হয়েছিল। এর মধ্যে ২২ লাখ টাকার পাট পণ্য ভিকার ইন্টারন্যাশনালের কাছে ১৬ লাখ টাকায়, ৬ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকার পাট সাজিদ জুট মিলসের কাছে ৪ কোটি ৯৫ লাখ টাকায়, ২ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকার পণ্য এম এম জুট ফাইবারস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কাছে বিক্রি করা হয়েছে ১ কোটি ৯৫ হাজার টাকায়, ৯ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার পণ্য পূরবী ট্রেডিং এবং খান এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকায়। এভাবে মোট ১৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার পণ্য ১৩ কোটি ৬৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ফলে সরকারের ৪ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী বোর্ড সভার অনুমোদন নিয়ে বেশি অঙ্কের টাকার পণ্য বিক্রি করা হয়ে থাকে। এ ছাড়া এত বড় অঙ্কের পণ্য বাজারমূল্য যাচাই না করে বা অন্য বিকল্প ক্রেতা অনুসন্ধান না করে প্রায় পাঁচ কোটি টাকা অপচয় করা হয়েছে। দায়ী তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান বিষয়টি তদন্ত করছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত চলছে। আশা করি এ মাসের শেষে প্রতিবেদন দিতে পারব।’