অর্ধেকেরও বেশি সিএনজি স্টেশন লাইসেন্স ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মোট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সংখ্যা ৫৫৭। এর মধ্যে ২৯৩টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স ছাড়াই চলছে।
গতকাল বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এই অবস্থায় একটা বাস্তবসম্মত ফি নির্ধারণ করে এসব সিএনজি স্টেশনকে লাইসেন্সের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিইআরসির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ২০০৬-২০০৭ সালে বিদ্যুৎ বিতরণে পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) ছিল ১৬ দশমিক ২৬ শতাংশ। এ লোকসান কমে ২০১৩-২০১৪ সালে ১১ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নসরুল হামিদ, আতিউর রহমান, আবু জাহির, এম আবদুল লতিফ, শিবলী সাদিক, এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ অংশ নেন।