অর্পিত সম্পত্তি দখলে নিতে ভুয়া সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অর্পিত সম্পত্তি দখলে নিতে ভুয়া সনদ ব্যবহার করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) কাউন্সিলর শারমীন হাবীব বিন্নি এ ধরনের সনদ দিয়েছিলেন। এ সংশ্লিষ্ট বেশ কিছু সনদ বাতিল করেছে সিটি করপোরেশন।
যেসব অর্পিত সম্পত্তি দখলে ভুয়া সনদ ব্যবহার করা হয় তার মধ্যে নগরের পশ্চিম দেওভোগের ভূঁইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাইস্কুলও রয়েছে। এ স্কুলের আইনজীবী নবী হোসেন বলেন, ১৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ারবাগে অবস্থিত এ স্কুলের সরকারের গেজেটভুক্ত সম্পত্তির বিষয়ে জনৈক শম্ভুনাথ দেসহ তাঁর পরিবারকে মনমোহন গুহের উত্তরাধিকার ও জন্মসনদ দেওয়া হয়। এতে নিম্ন¤ আদালতের রায়ে এ সম্পত্তির মালিকানা পান তাঁরা। মনমোহন গুহের ৬১ শতাংশ জমির মধ্যে ২৬ শতাংশ সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ২০০৭ সালে সেখানে বিদ্যানিকেতন হাইস্কুল গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে সরকারের অর্পিত সম্পত্তির তালিকায় এটি স্কুলের নামে গেজেটভুক্ত হয়। পরে মামলায় সরকারপক্ষ হেরে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে।
আদালত থেকে মামলার কাগজপত্র তুলে দেখা যায়, কাউন্সিলর শারমীনের দেওয়া উত্তরাধিকার সনদের কারণে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি শম্ভুনাথ দে গং মনমোহন গুহের উত্তরাধিকারী হন। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিটি করপোরেশনে অভিযোগ করলে তারা তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান শাহাদাত হোসেন ভূঁইয়ারবাগ এলাকায় গিয়ে ৪০ জনের সাক্ষ্য নিয়ে নিশ্চিত হন যে, কাউন্সিলর শারমীনের দেওয়া জন্ম ও উত্তরাধিকার সনদ ভুয়া। এরপর জেলা প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সনদ বাতিল করে সিটি করপোরেশন। স্কুল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী ২০১৫ সালের ১ ডিসেম্বর ঢাকা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপারের (অপরাধ) কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেন, সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদে কাউন্সিলর শারমীন বলেছেন, শম্ভু নাথ দে গংকে তিনি যে উত্তরাধিকার ও জন্মসনদ দিয়েছেন, তা ছিল ভুয়া।নবী হোসেন বলেন, নিম্ন¤আদালতের রায়ের বিরুদ্ধে জেলা প্রশাসন আপিল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সমন জারি করেন। কাউন্সিলর শারমীন ২০১৫ সালের ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান। বর্তমানে মামলাটি বিচারাধীন।
জেলা প্রশাসনের আরও দুটি অনুসন্ধানে জানা যায়, কাউন্সিলর শারমীন ১৩ নম্বর ওয়ার্ডের কালীবাজারের এসি ধর রোডের ৪৪ নম্বর হোল্ডিংয়ের অজয় ঘোষ ও বেদানা রানী সাহাকে ভাইবোন দেখিয়ে ভুয়া জন্ম ও উত্তরাধিকার সনদ দিয়েছেন। একইভাবে সনদ দেওয়া হয়েছে একই হোল্ডিংয়ের রাধাবল্লভ সাহা গংকে। ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তাঁদের দেখানো হয় ১৩ নম্বর ওয়ার্ডের মোহন গোপের উত্তরাধিকারী। মোহন গোপ ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় এসি ধর রোডের দোতলা ভবন ফেলে ভারতে চলে যান এবং সেখানে মারা যান। এই দুটি ঘটনায়ও জেলা প্রশাসন উচ্চ আদালতে আপিল করার পর কাউন্সিলর শারমীনের বিরুদ্ধে সমন জারি হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর শারমীন হাবীব বলেন, ‘অর্থ বা কোনো কিছুর বিনিময়ে আমি জন্ম ও উত্তরাধিকার সনদ দিইনি। বিদ্যানিকেতন হাইস্কুলের জমিসংক্রান্ত বিষয়ে আমি আদালতে হাজির হয়ে এবং সিআইডির তদন্ত দলকে বলেছি, সরল বিশ্বাসে আমি এসব সনদপত্র দিয়েছি। আমার ভুল হয়েছে। বাকি দুটি অভিযোগের বিষয়ে আমি আদালতের সমনের আদেশ পাইনি।’
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে কয়েকটি মামলায় নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কোনো ভুয়া সনদের মাধ্যমে যদি সম্পত্তি আত্মসাতের প্রক্রিয়া কেউ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।