অর্পিত সম্পত্তিতে মেয়রের নামে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় অর্পিত সম্পত্তিতে নিজের নামে বাজার নির্মাণ করেছেন মেয়র মো. হেলাল উদ্দিন। নিয়ম না মেনে বাজার নির্মাণ করায় দোকান বরাদ্দ বন্ধের জন্য মেয়রকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
তবে নিষেধাজ্ঞা অমান্য করেই দোকান বরাদ্দের নামে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি প্রতিদিনই সেখানে বাজার বসছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, শহরের মধ্যপাড়ার বর্ডার বাজারের পেছনে ৬৪ লাখ টাকা ব্যয়ে ‘পৌর মেয়র হেলাল উদ্দিন কিচেন মার্কেট’ নামের বাজারটি নির্মাণ করা হয়। গত ২০ অক্টোবর মেয়র নিজে সাড়ে ২৭ শতক জায়গার ওপর নির্মিত বাজারটির উদ্বোধন করেন। এখানে সাতটি আধাপাকা ভবনে ৮০টি দোকানঘর ও একটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মৌজার ১৩৬৭ ও ১৩৬৯ দাগের ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিতে নিয়ম না মেনে বাজার স্থাপন করায় ২৭ অক্টোবর জেলা প্রশাসক দোকান বরাদ্দ বন্ধের জন্য পৌর মেয়রকে চিঠি দেন। এর আগে ২৯ সেপ্টেম্বর বাজারটির দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি দিয়েছিল পৌরসভা।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের দিকে ৫৫৭ ও ৬২৩ নম্বর এসএ খতিয়ান (২৪৭ নম্বর মৌজার) অনুসারে এই সাড়ে ২৭ শতক জমির মালিক ছিলেন হেমলতা দেবী। জায়গাটি একসময় অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ১৯৬৭-৬৮ সালের একটি ইপিএল (ইস্ট পাকিস্তান লিজ) মামলামূলে জায়গাটির আট শতক মধ্যপাড়ার হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। হাবিবুর রহমান জমিটি সর্বশেষ ২০০৭ সাল পর্যন্ত নবায়ন করেছেন। ২০১২ সালের ২৬ এপ্রিলের গেজেটে জায়গাটি অর্পিত সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ আছে। জায়গাটি শুরু থেকেই একটি পুকুর ছিল।
ডিসির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্পিত সম্পত্তিতে ভিটি বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া প্রচলিত আইনের পরিপন্থী। ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই এই বাজারটি নির্মাণ করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শের জন্য ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী এক চিঠিতে ওই সম্পত্তি সরকারি ঘোষণা দিয়ে তাতে জনস্বার্থে বাজার স্থাপন বা বাজার অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।
বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দোকান বরাদ্দের জন্য প্রত্যেক ব্যবসায়ীকে শহরের কোর্টরোড এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুকূলে ১০ হাজার টাকা করে জমা দিতে হয়েছে। এখনো দোকান বরাদ্দের নামে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে। প্রতি মাসে সবজি ব্যবসায়ীদের জন্য ২০০, কসাইদের জন্য ৩০০ এবং মাছ ও মুরগি ব্যবসায়ীদের জন্য ৫০০ টাকা করে ভাড়া নির্ধারণ করেছে পৌরসভা। এ ছাড়া প্রতিদিন সবজিবিক্রেতাদের কাছ থেকে ১০ টাকা, মাছ ও মুরগিবিক্রেতাদের কাছ থেকে ২০ টাকা এবং মাংসবিক্রেতাদের কাছে ৩০ টাকা করে তোলা হচ্ছে।
বাজারের সার্বিক দেখাশোনার দায়িত্বে থাকা নুরু মিয়া বলেন, বাজারে তিনটি ফটক বসানো হবে। ইতিমধ্যেই বাজার দেখভালের জন্য তিনজন ও দুজন পাহারাদার নিয়োগ করা হয়েছে।
সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হাসনাইন মোর্শেদ ভূঁইয়া বলেন, ময়লা-আবর্জনা ফেলে শ্রেণি পরিবর্তনের মাধ্যমে কৌশলে পুকুরটি ভরাট করা হয়েছে। চলতি বছরের মার্চে বাজার নির্মাণের সময় তিনি সরেজমিনে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
এ ব্যাপারে মেয়র হেলাল উদ্দিন বলেন, ‘জায়গাটি অর্পিত সম্পত্তি ছিল। পৌরসভাই এর দেখাশোনা করে আসছে। জনস্বার্থেই এখানে বাজার নির্মাণ করেছিলাম। জেলা প্রশাসকের চিঠি পাওয়ার পর বাজারের দোকান বরাদ্দ বন্ধ রাখা হয়েছে।’
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘দোকান বরাদ্দের জন্য টাকা জমা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’