অলস পড়ে আছে নয় ভবন
রংপুর সদর উপজেলায় আড়াই বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে সরকারের অর্থায়নে নির্মিত নয়টি দোতলা ভবন। এগুলোর বারান্দা ও চত্বর এখন খড়কুটোর দখলে। কোনোটির ছাদ ও দেয়ালে শুকানো হচ্ছে পাট। ভবন চত্বরে নিয়মিত দেখা যায় গরু-ছাগলের বিচরণ।
এই নয়টি ভবন সদর উপজেলার সাবেক নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি)। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উত্তীর্ণ হওয়ার পর থেকে ভবনগুলো প্রয়োজনীয়তা হারায়। কেননা নয়টি ইউনিয়নই পড়েছে সিটি করপোরেশনে। এ জন্য ভবনগুলো আর ব্যবহৃত হচ্ছে না।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রংপুর পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত করা হয় ২০১২ সালের ২০ ডিসেম্বর। আগের ৫২ বর্গকিলোমিটার পৌরসভার আয়তন থেকে সিটি করপোরেশনের আয়তন বেড়ে দাঁড়ায় ২০৩ বর্গকিলোমিটার। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয় সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন ও একটির আংশিক। হরিদেবপুর ইউনিয়নের ভবনটি সিটি করপোরেশনের মধ্যে পড়েনি। তা ছাড়া মোমিনপুর ইউনিয়নের ভবনটি পড়েছে সিটি করপোরেশনের বাইরে। বাকি নয়টি ইউপি ভবন পড়ে সিটি করপোরেশনের মধ্যে। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এই এলাকাগুলো হলো—দর্শনা, সাতগাড়া, উত্তম, পরশুরাম, তপোধন, তামপাট, সদ্যপুষ্করিণী, চন্দনপাট ও রাজেন্দ্রপুর।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের রংপুর কার্যালয় সূত্র জানায়, ভবনগুলো ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে নির্মিত। প্রতিটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ লাখ থেকে ৫৮ লাখ টাকা। নয়টি ভবনের মোট ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সাবেক নয়টি ইউপি ভবনের প্রতিটি কক্ষই তালা মারা। সেসব কক্ষের ভেতরে কোনো আসবাব নেই। বড় রংপুর এলাকায় সাবেক তামপাট ইউপি ভবনের বারান্দায় ঝোপ-জঙ্গল জন্মেছে। দেয়ালে জমেছে শেওলা। দোতলা ও নিচতলার দেয়ালে শুকানো হচ্ছে পাট। ভবন চত্বরে ধান শুকানোর কাজ করছেন এলাকার কৃষকেরা। খড় স্তূপ করে রাখা হয়েছে বারান্দায়।
তপোধন মহব্বত খাঁ এলাকায় সাবেক ইউপি ভবনে ঢোকার মুখেই দেখা যায়, খুঁটিতে বাঁধা একটি গরু। ভবনের বারান্দায় রয়েছে খড়ের স্তূপ ও ময়লা-আবর্জনা। খটখটিয়া এলাকায় পরশুরাম ইউপি ভবনেরও একই দশা। সেখানে ভবনের সামনেই খড়ের স্তূপ। উত্তম হাজিরহাট এলাকায় উত্তম ইউপি ভবনের চারদিকে ময়লা-আবর্জনা।
জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ভবনগুলো কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নাগরিকদের সেবামূলক সুবিধা দিতে জনসচেতনতামূলক কর্মকাণ্ডও পরিচালনা করা যেতে পারে। এতে এলাকার পরিবেশও সুন্দর থাকবে।