অলিম্পিকে পদকজয়ীর বাড়ির প্রবেশপথে বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালী সদর উপজেলার পুকুরজনা গ্রামে বিশেষ অলিম্পিকে স্বর্ণপদকজয়ী ফুটবল দলের সদস্য জুয়েল বয়াতিদের বাড়ির প্রবেশপথে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দখলের উদ্দেশ্যে জুয়েলের চাচাতো ভাইয়েরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ইটবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল জোয়ারদার বলেন, বেড়া দেওয়ার ফলে জুয়েলদের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এর আগে সালিস করা হলেও এক পক্ষ তা মানেনি। তিনি বিষয়টি থানায় জানিয়েছেন।

জুয়েল বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। ২০১১ সালে গ্রিসে অনুষ্ঠিত প্রথম বিশেষ অলিম্পিকে বাংলাদেশ ফুটবল দলের সদস্য হয়ে তিনি অংশ নিয়ে পদক পান। এরপর থেকে বিশেষ অলিম্পিকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তাঁর মা মমতাজ বেগম, বাবা আবদুল হক বয়াতি।

পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে জুয়েলদের ৫২ শতক জমি রয়েছে। লাল মিয়াসহ তাঁর ছয় চাচাতো ভাই তা দখলের চেষ্টা করছেন। গত এপ্রিলে দুজন আইনজীবীর মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত দেওয়া হলেও তাঁর চাচাতো ভাইয়েরা তা মানেননি। পরে স্থানীয় ইটবাড়ীয়া ইউপির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস করে সীমানা পিলার বসানো হলেও লাল মিয়ারা তা উপড়ে ফেলেন।

জুয়েলের ভাই সোহেল বয়াতি বলেন, সর্বশেষ গত মঙ্গলবার লাল মিয়াসহ অন্য ভাইয়েরা তাঁদের বাড়ি থেকে বের হওয়ার পথ ও জমির কিছু অংশে বাঁশের বেড়া দেন। এ কারণে তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।

তবে লাল মিয়া বলেন, জুয়েলের বাবা আবদুল হক বয়াতির সম্পত্তির মধ্যে তাঁদের ৩২ শতক রয়েছে। এ সম্পত্তি তাঁদের বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাঁরা নিজেদের জমিতেই বেড়া দিয়েছেন।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।