অল্পের জন্য ফসকে গেলেন ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসার সন্দেহভাজন ঘাতক ওবায়দুল খানকে অল্পের জন্য ধরতে পারেনি পুলিশ। তবে পুলিশ গতকাল সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটাঙ্গী গ্রাম থেকে তাঁর বোন মোছা. খাদিজা বেগম (৩৬) ও ভগ্নিপতি মো. খাদেমুল ইসলামকে (৪৬) আটক করেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকার রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বীরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় ওবায়দুল খানের মিরাটঙ্গী গ্রামের বাড়িতে অভিযান চালান। তাঁকে পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, অল্পের জন্য ফসকে গেছেন ওবায়দুল। গতকাল দুপুর পর্যন্ত স্থানীয় বাজারে তাঁকে দেখা গেছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছিল। ওবায়দুলকে না পেলেও পাশের বাড়ি থেকে বোন ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। রমনা থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে বলে ওসি জানান।

ওবায়দুলের পরিবারের সদস্যদের দাবি, গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওবায়দুল বাড়িতে যান। নাশতা করেন। বিশ্রাম নিয়ে দুপুরে গোসলের পর বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। ঢাকায় তিনি কী ঘটিয়ে এসেছেন, তা তাঁরা জানতেন না।

প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার সকালে ওবায়দুলের সঙ্গে তাঁর দেখা হয়। তেমন কোনো কথা হয়নি। রোববার বিকেল পর্যন্ত তিনি তাঁকে দেখেছেন বলে দাবি করেন।

মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম বলেন, ওবায়দুল একটি মেয়েকে হত্যা করার মধ্য দিয়ে গ্রামের সবাইকে কলঙ্কিত করেছেন। তাঁরা এ কারণে লজ্জিত, ব্যথিত। তাঁরা হত্যাকাণ্ডের বিচার চান। তাঁকে আটক করতে এলাকার মানুষ পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে।

বীরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুল খানকে গ্রেপ্তার করার জন্য রমনা থানার পুলিশ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এখনো অভিযান অব্যাহত আছে।

রাজধানীর কাকরাইলে গত বুধবার ছুরিকাঘাতে আহত হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা। গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রিসার মা বুধবারই ওবায়দুলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেছেন।