অল্পের জন্য বোমা হামলা থেকে বাঁচলেন যুবদল নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহর যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মালেকের ওপর সোমবার সন্ধ্যায় শহরের কানাইখালি সেতু এলাকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। 

পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শহর যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মালেক কানাইখালি এলাকায় নাটোর-রাজশাহী সড়কের পাশের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে চারটি হাতবোমা ছুড়ে মারে। বোমাগুলো বিস্ফোরিত হলেও সৌভাগ্যক্রমে মালেকের শরীরে লাগেনি। তিনি দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে আত্মরক্ষা করেন।
খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ এসে হামলাকারীদের আটক করার চেষ্টা করেন। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তারের জন্য শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি, তাদের আটক করা সম্ভব হবে।’