অল্পের জন্য রক্ষা পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের কারণে ঢাকায় চাকরি খুঁজতে এসে প্রতারকের খপ্পরে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি হতে যাচ্ছিল এক শিশু (১৩। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল শনিবার গোয়ালন্দ ঘাট পুলিশ তাকে উদ্ধার করে।
এ সময় আবদুল কাদের ওরফে রুবেল (৩০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শুনলৌহগর গ্রামের বাসিন্দা।
শিশুটি থানা হেফাজতে জানায়, কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় তাদের বাড়ি। তার বাবা কয়েক বছর আগে তার মা ও দুই বোনকে রেখে আরেকটি বিয়ে করে তাদের ফেলে অন্যত্র চলে যান। অভাবের কারণে মা এলাকায় কাজ করে সংসার চালাতেন। মায়ের সিদ্ধান্তে সে শুক্রবার ঢাকায় চাকরির খোঁজে নাঙ্গলকোট থেকে ট্রেনে রওনা হয়। ট্রেনে রুবেলের সঙ্গে তার পরিচয় হয়।
আলাপচারিতার এক ফাঁকে ওই প্রতারক পোশাক কারখানায় ভালো চাকরির জন্য তাকে প্রস্তাব দেয়। শিশুটি সে প্রস্তাবে রাজি হয়ে তাঁর সঙ্গে মধ্যরাতে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়। সকালের দিকে শিশুটির সন্দেহ হলে সে আশপাশের লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন রুবেলকে ধরে গণপিটুনি দেন। তখন তিনি শিশুটিকে বিক্রি করতে চাওয়ার কথা স্বীকার করেন। পরে লোকজন তাঁদের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে নিয়ে যান। থানার এএসআই তপন কুমার বিশ্বাস শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।