অশোভন আচরণ, পরীক্ষার্থীর কারাদণ্ড
রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার হলে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় এক পরীক্ষার্থীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম এস এম অনিক। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি শহরের বিনোদপুর এলাকায়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রশিদ মণ্ডল বলেন, আজ ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা চলার সময় অনিক তাঁর নির্ধারিত আসন পরিবর্তন করে মুঠোফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি হলের পরিদর্শক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক সায়মা হকের নজরে আসে। শিক্ষক তাঁকে মুঠোফোন জমা দিয়ে নির্ধারিত আসনে বসে পরীক্ষা দেওয়ার কথা বলেন। এ সময় অনিক ওই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করেন ও অন্য পরীক্ষার্থীদের খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে বলেন। এ সময় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। সেখানে ইউএনও উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।