অশোভন আচরণের অভিযোগে নওগাঁয় শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় দ্বিতীয় শ্রেণির তিন ছাত্রীর সঙ্গে ‘অশোভন আচরণের’ অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গতকাল মঙ্গলবার আটক করা হয়।
আটক শিক্ষক মতিয়ার রহমান নিজেকে নির্দোষ দাবি করছেন। গতকাল রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এলাকাবাসী সূত্র জানায়, নতুন সাহাপুর এলাকায় অবস্থিত শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার নিজের বাসায় মডার্ন চাইল্ড হোম কিন্ডারগার্টেন নামে একটি শিশু বিদ্যালয় চালান। সেখানকার তিন ছাত্রীর অভিভাবক গত রোববার শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির কাছে অভিযোগ করেন, তাঁদের সন্তানদের সঙ্গে অশোভন আচরণ করেছেন মতিয়ার।
ওই অভিযোগের ভিত্তিতে গতকাল পর্যন্ত মতিয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন গতকাল দুপুরে মতিয়ারের বাসায় হামলা করেন। এ সময় তাঁরা মতিয়ারের বাসভবনে ইটপাটকেল ছোড়েন এবং তাঁকে অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এক ছাত্রীর (৮) অভিভাবক শাহবাজ জালাল প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে মডার্ন চাইল্ড হোম কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সে গত দুই দিন বাড়িতে বলেছে তার সঙ্গে অশালীন আচরণের কথা। পরে জানতে পারি, আরও দুটি মেয়ের সঙ্গে ওই শিক্ষক দীর্ঘদিন ধরে এই আচরণ করে আসছিলেন।’
তবে অপর এক ছাত্রীর (৮) বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার মেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। আমি নিজে শেরেবাংলা স্কুল কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করিনি। অন্য ছাত্রীর অভিভাবকেরা আমার নাম দিয়ে ওই অভিযোগটি করেছেন।’
এ ব্যাপারে থানায় আটক শিক্ষক মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘ ২১ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে কখনোই এ ধরনের অভিযোগ ওঠেনি।
নওগাঁ সদর থানার পরিদর্শক শামসুল আলম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ওই শিক্ষককে তাঁর বাসায় আটকে রেখেছিলেন। পুলিশ খবর পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে। থানায় তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি।