অশ্লীল ছবি ইন্টারনেটে, কলেজছাত্রীর আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
আত্মহনন করা ওই ছাত্রীর নাম বীথি রানী মণ্ডল (১৮)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামের সনজিৎ চন্দ্র মণ্ডলের মেয়ে। বীথি রানী মহাদেবপুর জাহাঙ্গীরপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বীথির অশ্লীল ছবি মুঠোফোনে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বীথির বাবা সনজিৎ চন্দ্র মণ্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বীথির প্রেমিক হীরেন চন্দ্র মণ্ডল ওরফে রকিকে (২২) আসামি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বীথি রানী মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে একই উপজেলার সফাপুর ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বীরেন চন্দ্র মণ্ডলের ছেলে হীরেন চন্দ্র মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। এরই একপর্যায়ে হীরেন চন্দ্র গোপনে মুঠোফোনে বীথির নগ্ন ছবি তোলে এবং বীথির পরিবারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। একপর্যায়ে ব্যর্থ হয়ে হীরেন চন্দ্র ওই ছবি তার বন্ধুদের মুঠোফোনে ও পরে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বীথি রানী মণ্ডল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করেন। বিষপানের পর বীথি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাঁকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে গতকাল বুধবার সকালে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।