অশ্লীল ছবি ফেসবুকে, গ্রেপ্তার ১
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার মো. রিয়াজ (২৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ সময় রিয়াজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পর্নো ছবিসহ একটি ল্যাপটপ ও মুঠোফোন উদ্ধার করে ডিবি পুলিশ।
স্থানীয় কয়েক ব্যক্তি ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিরাপাড়া গ্রামের বাসিন্দা রিয়াজ এক নারীর অশ্লীল ছবি তুলে তাঁর স্বামীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না পেয়ে সম্প্রতি তিনি নিজের মুঠোফোন নম্বর দিয়ে ভুয়া নাম ব্যবহার করে ফেসবুকে একটি আইডি খুলেন। এরপর তিনি ওই নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়ে ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার সন্ধ্যায় কাউখালী শহরে রিয়াজের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় তাঁকে পর্নো ছবিসহ গ্রেপ্তার করে পুলিশ।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রিয়াজের বিরুদ্ধে কাউখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।