অশ্লীল নাচ, জুয়া, বখরা নেয় পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে তিন দিন ধরে অশ্লীল নাচ ও জুয়ার আসর বসছে। গতকাল রোববার সকালেও মাইকিং করে এলাকাবাসীকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়। আসর থেকে পুলিশ নিয়মিত বখরা নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

মাকড়াইল গ্রামটি শালনগর ইউনিয়নে অবস্থিত। গ্রামের বাসিন্দা মজিবর রহমান খান বলেন, যাত্রার আড়ালও নেই। সরাসরি ১১টি মেয়ে এনে অশ্লীল নাচ চলছে। সেই সঙ্গে বসানো হচ্ছে জুয়ার আসর। প্রচণ্ড শব্দে বাজানো হচ্ছে মাইক। জেএসসি, পিএসসি ও বিদ্যালয়গুলোতে শিগগিরই বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিন্তু প্রতিবাদ করেও কাজ হচ্ছে না।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লাহুড়িয়া ও শালনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এ আসর বসানো হচ্ছে। এর আগে ১৬ অক্টোবর বসেছিল লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলীর ইটভাটার সামনে। এরপর ১৭ ও ১৮ অক্টোবর শালনগরের মাকড়াইল গ্রামের নদীর পাড় এবং ২০, ২১ অক্টোবর চর শালনগর গ্রামে এ আসর বসে। গত শুক্রবার থেকে আবার নদীর পাড়ে শুরু হয়েছে।

উপজেলার কচুবাড়িয়ায় যাত্রার নামে চলা জুয়া ও অশ্লীল নাচ বন্ধের দাবিতে ১৯ অক্টোবর বিক্ষোভ মিছিল করে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। এরপর জেলা প্রশাসন জেলার সর্বত্র যাত্রাপালা বন্ধের নির্দেশনা জারি করেন।

লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবদুস সালাম শিকদার বলেন, ‘লোহাগড়া থানার ওসি এবং লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে একাধিকবার এসব বন্ধের অনুরোধ জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

এলাকার বাসিন্দারা বলেন, পুলিশের তত্ত্বাবধানেই চিহ্নিত জুয়াড়ি চর কালিশংকরপুর গ্রামের গোলাম কবিরের নেতৃত্বে এগুলো চলছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি সুভাষ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুদদৌলা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এলাকায় এমন কিছু হচ্ছে না। আপনি যা পারেন লেখেন।’