অশ্লীল নাচের আসর বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈশাখী মেলার নামে চালানো জুয়া ও অশ্লীল নাচ-গানের আসর ভেঙে দিয়েছে প্রশাসন। এ সময় দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালায়।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ১২ মে থেকে চরহাজারী বাজারসংলগ্ন মাঠে ১৫ দিনব্যাপী ‘খান সাহেব আলী’ মেলা শুরু হয়। মেলা শুরুর পর থেকেই মেলার আয়োজকদের বিরুদ্ধে অবৈধ লটারি পরিচালনা, জুয়ার আসর ও অশ্লীল নৃত্যানুষ্ঠানের আয়োজনের অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ইউএনও মো. ইসমাইল হোসেন পুলিশ নিয়ে সেখানে যান।
সূত্র জানায়, ইউএনও মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মেলা বন্ধের নির্দেশ দেন। এ সময় পুলিশ মেলা ভেঙে দেয়। ওই সময় মেলার আয়োজকদের পক্ষের লোকজন ইউএনওর গাড়ি লক্ষ্য করে চারদিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় ইউএনওর গায়ে ইটের আঘাত লাগে এবং তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশ শটগানের নয়টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউএনও মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন শর্তসাপেক্ষে বৈশাখী মেলার অনুমতি দেয়। কিন্তু মেলা কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করে অবৈধ লটারি, জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসায়। তাই জেলা প্রশাসকের নির্দেশে তিনি মেলা ভেঙে দেন। তিনি বলেন, আয়োজকদের লোকজন তাঁকে ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে তিনি সামান্য আঘাত পান এবং গাড়ির কাচ ভেঙে যায়। মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে মেলার আয়োজক রফিক খান ও মো. ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ইউএনও অবৈধ মেলা বন্ধ করে দেওয়ার পর স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছোড়ে। এতে ইউএনওর গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।