অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়েছেন যুবলীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বৈশাখী মেলায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য। প্রতিদিন রাতে চলছে জুয়ার আসর ও মাদক কেনাবেচা।
উপজেলা যুবলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আতাউর রহমান ও সিঙ্গাইর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আলী হায়দার মেলার নামে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে পুলিশ, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের অসাধু কর্মকর্তা উৎকোচ নেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক দর্শক জানান, প্রতিদিন রাত ১০টার পর থেকে মেলার পূর্ব পাশে নির্মিত মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এ জন্য প্রতি দর্শকদের কাছ থেকে ১০০, ২০০ ও ৩০০ টাকা করে নেওয়া হয়। সন্ধ্যার পর থেকেই মঞ্চের আশপাশে বসে গুটি, তাস, কাঠি ও চড়কার জুয়ার আসর।
এ ছাড়া হাউজি ও লাকি কুপনের নামেও প্রতিদিনই লাখ লাখ টাকার জুয়া চলছে। সিঙ্গাইর ছাড়াও ঢাকার সাভার, নবাবগঞ্জ এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা ভিড় করছে সেখানে। এ ছাড়া মেলাকে কেন্দ্র করে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।
এ ব্যাপারে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আলী হায়দারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
যুবলীগের নেতা আতাউর রহমান বলেন, মেলায় তেমন কোনো অশ্লীল নৃত্য চলে না।
তবে মেলা চালানোর জন্য চড়ক ও হাউজির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মেলায় সাংবাদিকেরাও আসেন। তাদের সম্মানী দেওয়া হয়।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, ‘মেলা থেকে কোনো পুলিশ সদস্য উৎকোচ নেয় কি না, তা আমার জানা নেই।’ তিনি বলেন, মেলায় অবৈধ কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব উপজেলা কিংবা জেলা প্রশাসনের।
গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি শুনেছি এবং পুলিশকে মেলা বন্ধ করে দেওয়ার জন্য বলেছি।’