অশ্লীল নৃত্যের প্রদর্শনী, প্যান্ডেল ভেঙে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা কুসুম্বী ইউনিয়নে কেল্লা-পোষী মেলায় সার্কাস ও জাদু দেখানোর নামে অশ্লীল নৃত্য চলছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ভেঙে দেয় প্যান্ডেল। গতকাল মঙ্গলবার ওই অভিযান চালানো হয়।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে কিছু যুবক মেলা চত্বরের মধ্যে সার্কাস ও জাদু প্রদর্শনের নামে ছয়টি প্যান্ডেল তৈরি করে। গত সোমবার সন্ধ্যার পর এসব প্যান্ডেলে অশ্লীল নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় লোকজন বাধা দিলেও তা বন্ধ হয়নি।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া কার্যালয়ের পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম বলেন, সার্কাস ও জাদু প্রদর্শনের নামে ওই সব প্যান্ডেলে অশ্লীল নৃত্য প্রদর্শন করার বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছিলেন স্থানীয় লোকজন। অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল বিকেলে মেলায় অভিযান চালিয়ে প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ।
কুসুম্বী ইউপি চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, ‘গত দুই বছরে এই মেলায় সার্কাস প্রদর্শনের নামে কোনো অশ্লীলতার ঘটনা ঘটেনি। এবার এসব প্যান্ডেলে অশ্লীল কার্যকলাপের ঘটনা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।