অশ্লীল ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার
বগুড়ার ধুনটে এক নারীর ছবিযুক্ত অশ্লীল ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার উপজেলা শহরের একটি মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মজনু মিয়া নামের যুবককে আটক করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ওই যুবক ধুনট বাজারে কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তিনি একটি অশ্লীল ভিডিও চিত্রের সঙ্গে ওই নারীর ছবি যুক্ত করে তা বাজারজাত করেন। এরপর এই অশ্লীল ভিডিও চিত্রটি দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। গত রোববার বিকেলে ওই ভিডিও চিত্রটি ওই নারীর নজরে আসে। এ ঘটনায় ওই নারী ধুনট বাজারে কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ওই যুবকের বিরুদ্ধে থানায় রোববার রাতে লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার দুপুরে ধুনট শহরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অসংখ্য অশ্লীল ভিডিও চিত্রসহ একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
ওই যুবক জানান, তিনি ওই ভিডিও চিত্রটি বগুড়া শহরের এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কিনে আনেন। এরপর ওই ভিডিও চিত্রটি কপি করে স্থানীয় বাজারে বিক্রি করেন।
ধুনট (বগুড়া) প্রতিনিধি