অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক দোকানমালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে উপজেলার পাগলা বাজার থেকে আটক করা হয়।
আটক হওয়া দোকানমালিকের নাম আনোয়ার হোসেন (২২)। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার বাদেকনুরা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের এক তরুণ (২৫) উপজেলার কৈলাটি ইউনিয়নের ওই ছাত্রীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই প্রেমিক কৌশলে ওই ছাত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের অশ্লীল ভিডিও ধারণ করেন এবং পরে তা মুঠোফোনে ছড়িয়ে দেন। উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানেও তা পাওয়া যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ ক্রেতা সেজে পাগলা বাজারের আনোয়ার হোসেনের দোকানে গিয়ে কম্পিউটারে সেই ভিডিও পায়। পরে তারা আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।
নেত্রকোনার বারহাট্টা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।