অশ্লীল ভিডিও বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
সুনামগঞ্জের ছাতকে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন অবৈধভাবে পশুর ওষুধ বিক্রি ও চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আলম মিয়া (৪০) নামের আরেক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এসব দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার জাউয়াবাজারে বিকেল চারটার দিকে আলমগীর হোসেনের দোকানে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে দেশি-বিদেশি অনেক অশ্লীল ভিডিও পাওয়া যায়। এ সময় তাঁর কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়। এসব ভিডিও বিক্রির দায়ে তাঁকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মণসোম গ্রামে।
এর আগে বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান একই উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জিয়াপুর বাজারে। সেখানে চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে পশুর ওষুধ বিক্রি করে প্রতারণার অভিযোগে আলম মিয়াকে (৪০) তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আলম মিয়ার বাড়ি দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামে।
নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কারাদণ্ড দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।