অশ্লীল ভিডিওচিত্র তৈরি করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২
সম্পাদনার মাধ্যমে এক স্কুলছাত্রীকে নিয়ে অশ্লীল ভিডিওচিত্র তৈরি করেছে একদল বখাটে। ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির পরিবারের কাছে চাঁদাও দাবি করেছে তারা। এ ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলো উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রিহাদ মল্লিক (২৫) ও তাকচির মল্লিক (২৪)।
পুলিশ জানায়, উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত তিন বখাটে রিহাদ, তাকচির ও তেলীকান্দি গ্রামের বাশার শেখ (২৬)। ২৫ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে রিহাদ, বাশার ও তাকচিরসহ আরও দুই যুবক মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটের দল পালিয়ে যায়।
পুলিশ জানায়, এরপর বখাটের দল ভিডিও সম্পাদনার মাধ্যমে মেয়েটিকে নিয়ে একটি অশ্লীল ভিডিওচিত্র তৈরি করে। এটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির বাবার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এ ঘটনায় ছাত্রীটির বাবা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, শনিবার রাতেই রিহাদ ও তাকচিরকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল রোববার তাদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।