অষ্টগ্রামে কৃষক খুন কুমিল্লায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গরুচোরের ছুরিকাঘাতে এক কৃষক খুন হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুমিল্লা নগরের টিক্কারচর সেতুর পাশ থেকে গতকাল এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন অষ্টগ্রাম উপজেলার মনোহরপুর গ্রামের শামসুল হক (৫৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া গ্রামের হারুন মিয়া (৩৫)।
মনোহরপুর গ্রামের নিহত শামসুল হকের বড় ভাই হালিম মিয়া জানান, গত বুধবার রাত আনুমানিক পৌনে দুইটার দিকে একদল গরুচোর তাঁদের বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে সাতটি গরু চুরি করে ইঞ্জিনচালিত ট্রলারে তোলে। এ সময় ট্রলার থেকে পানিতে লাফ দিয়ে নেমে একটি গরু বাড়িতে ফিরে এসে হাম্বা হাম্বা শব্দ করতে থাকে। এই শব্দ শুনে শামসুল হক জেগে উঠে দেখেন, গোয়ালঘরে কোনো গরু নেই। পরে তিনি দৌড়ে ঘাটপাড়ে যান। চোরদের ট্রলারের ইঞ্জিন চালু করতে একটু দেরি হওয়ায় তিনি পানিতে নেমে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করে ট্রলার থামাতে চেষ্টা করেন। এ সময় ট্রলারের ওপর থেকে এক চোর ছুরি দিয়ে তাঁর বুকের বাঁ পাশে আঘাত করে ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, শামসুল হকের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত শামসুলের বড় ভাই হালিম মিয়া অষ্টগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে কুমিল্লা মডেল কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে পুলিশ কুমিল্লা নগরের গোমতী নদীর ওপর অবস্থিত টিক্কারচর সেতুর পাশ থেকে হারুন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, নিহত ভাঙারি ব্যবসায়ী নগরের সুজানগর এলাকায় ভাড়া থাকতেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।