অষ্টগ্রামে ফের আ.লীগের সংঘর্ষ, পুড়ল ৭১ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ২৫ জন। সংঘর্ষ চলাকালে ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রাবাসও পুড়ে যায়।
গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ফজলুল করিম ও আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান পক্ষের মধ্যে উপজেলার আদমপুর বাজারে সংঘর্ষ হয়। ওই দিনও বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এ নিয়ে গত দুই দিনে আগুনে পুড়েছে ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান। আহত হয়েছে ৭০ জন।
আদমপুর বাজার বণিক সমিতির সভাপতি নুর যদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের আর ঈদ আনন্দ বলে কিছু নেই। আগুনে পুড়ে গেছে কমপক্ষে দেড় শ দোকান।’ তিনি দাবি করেন, তাঁদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, পুড়ে যাওয়া দোকানের সংখ্যা দেড় শর কম হবে না। ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে অনুষ্ঠিত আদমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুল মান্নান ও ফজলুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন আবদুল মান্নান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ২০ সদস্যকে আদমপুর বাজারে রাখা হয়। এ রকম পরিস্থিতির মধ্যেই গতকাল সকাল নয়টার দিকে মান্নান পক্ষের প্রায় দুই শ সমর্থক আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আদমপুর বাজারে আসেন। এ সময় ফজলুল করিম পক্ষ তাঁদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭টি রাবার বুলেট নিক্ষেপ করে। ঘণ্টা খানেক পর ফজলুল করিম পক্ষ পিছু হটে। তখন মান্নান পক্ষ দাহ্য পদার্থ ঢেলে ফজলুল করিম পক্ষের ব্যবসায়ীদের দোকানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৭০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়। এ সময় আদমপুর দেওয়ান আলী উচ্চবিদ্যালয়ের চার কক্ষের টিনশেড ছাত্রাবাসও পুড়ে যায়।
আদমপুর দেওয়ান আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসেত জাহান আগুনে ছাত্রাবাস পুড়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।