অষ্টগ্রামে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে রোটারি ডিগ্রি কলেজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে একটি একাডেমিক ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল হক ওরফে জেমসের বিরুদ্ধে।
এই অবস্থায় শিক্ষকেরা ঐক্যবদ্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। কিশোরগঞ্জ জেলা শিক্ষা উন্নয়ন প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম গতকাল বুধবার দুপুরে অষ্টগ্রামে গিয়ে অভিযোগের সত্যতা পান।
তাজুল ইসলাম বলেন, ‘কাজের সমস্যা পাওয়া গেছে। এ কারণে যথাযথভাবে কাজ সম্পন্ন করে দেবার নির্দেশ দিয়ে এসেছি। নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ফেলতেও বলে এসেছি।’
অষ্টগ্রাম হাওর উপজেলা। উপজেলায় এটিই একমাত্র কলেজ। ২০১১ সালের শুরুর দিকে শিক্ষা উন্নয়ন প্রকৌশল অধিদপ্তর কলেজে একটি দ্বিতল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেয়। ওই বছরই কার্যাদেশ দেওয়া হয়। ব্যয় ধরা হয় ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। কাজটি পায় মেসার্স মামুন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এক বছরের মধ্যে কাজটি শেষ করতে বলা হয়। ২০১৩ সালের শুরুর দিকে কাজটি শুরু হলেও এখনো শেষ হয়নি। তবে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি করেনি। কাজটি কিনে নিয়ে প্রকাশ্যে করছেন শহীদুল হক ও তাঁর অনুগতরা।
শিক্ষকদের অভিযোগ, এরই মধ্যে দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বৈদ্যুতিক লাইনে বিআরবি কেব্ল কোম্পানির তার ব্যবহার করার কথা থাকলেও পরিচয়হীন কোম্পানির তার ব্যবহার করা হচ্ছে। মাপ অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে না। সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রেও একই অনিয়ম করা হচ্ছে। জলছাদের জন্য এক নম্বর ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও নম্বরবিহীন ইটের খোয়া এনে রাখা হয়েছে। ১২ মিলিমিটার পুরুত্ব রেখে মোজাইক করার কথা থাকলেও পুরুত্ব চার থেকে পাঁচ মিলিমিটার বেশি হবে না।
কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজতাবা আরিফ খান বলেন, ক্ষমতাসীন দলের ক্ষমতাবান নেতা হওয়ার কারণে তাঁর কাজ তদারক করতে সংশ্লিষ্ট দপ্তরের কেউ ধারে-কাছেও আসেন না। ফলে তিনি ভবন নির্মাণে নামে পুকুরচুরিতে নেমেছেন। এখন অভিযোগ প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীকে তিনি অনুরোধ করেছেন।
তবে পাল্টা অভিযোগ করে শহীদুল হক গতকাল বিদেশ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষ মহোদয়ের পেশা শুধু শিক্ষকতা না, তিনি ঠিকাদারও। ওই দৌড়ে কাজ পাননি বলে আমার পেছনে লেগেছেন।’