অষ্টগ্রামে সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে মাহাবুব মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার আদমপুর ইউনিয়নের নেওয়াজ মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত ২৮ মে আদমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে সাইদুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সবুজ মিয়া হেরে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় আবু হুরাইয়া আল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠন নিয়ে তাঁদের মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সবুজ মিয়ার পক্ষ নেন মাদ্রাসার পরিচালনা পর্যদের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম। বুধবার এই নিয়ে উভয় পক্ষের মধ্যে নেওয়াজ মিয়ার বাড়ির সামনে ফের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে সাতজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সবুজ পক্ষের মাহাবুব মারা যান।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, এই ঘটনায় নিহত মাহাবুবের ভাই দেলোয়ার হোসেন গত শুক্রবার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।