অষ্টগ্রামে হামলায় কলেজশিক্ষকসহ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগ্বিতণ্ডার জের ধরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গত সোমবার একদল তরুণের হামলায় এক কলেজশিক্ষক ও চার ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনোয়ার হোসেন (৩০) ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাজ্জাক মিয়া ও মো. রুকন উদ্দিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছোটন মিয়া ও তাকবির উদ্দিন। প্রভাষক মনোয়ার হোসেনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওঘর এলাকার সাভিয়া নগর বাজারে মনাফ ফকিরের বাৎসরিক ওরস উপলক্ষে দুই দিনব্যাপী মেলা বসে। ওই মেলা দেখতে রোটারি ডিগ্রি কলেজের দুই শিক্ষকসহ ১৪-১৫ জন শিক্ষার্থী সোমবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে যান। এ সময় দু-তিনজন শিক্ষার্থী বাঁশি বাজান। এ নিয়ে মেলার মিষ্টির দোকানে বসে থাকা স্থানীয় ৮-১০ জন তরুণের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই ছেলেরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই পাঁচজন আহত হন।
এ ঘটনায় গতকাল সকালে শিক্ষক মনোয়ার হোসেন দেওঘর এলাকার সানা মিয়া, রন্টি মিয়া, সুজন মিয়া, কাজল মিয়াসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মামলা করেন।
এ বিষয়ে কথা বলতে গতকাল বিকেলে সানা মিয়া ও রন্টি মিয়ার মুঠোফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।