অষ্টম শ্রেণি পাস করেই অভিজ্ঞ চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাডে লিখা রয়েছে, ‘ডা. সুজন দেবনাথ (আপন), সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত, মা ও শিশু রোগে অভিজ্ঞ।’ কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে এলো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এই জ্ঞান নিয়েই নগরের সাগরিকা রোডে তিনি গত দু মাস ধরে রোগী দেখে আসছিলেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে এক লাখ টাকা জরিমানা দিতে হলো এই ভুয়া চিকিৎসককে।

সুজন দেবনাথের মতো আরও দুই ভুয়া চিকিৎসককেও জরিমানা গুনতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের কাছে। জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন আজ শনিবার এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব এ সময় সঙ্গে ছিলেন। নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড ও অলংকারে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘আইন অনুযায়ী ন্যূনতম এমবিবিএস ডিগ্রি না থাকলে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। অভিযানে যাদের জরিমানা করা হয়েছে তাঁদের কেউই মেডিকেলে পড়াশোনা করেননি। ভুয়া পরিচয়ে মানুষকে প্রতারণা করার দায়ে তাঁদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের চেম্বারও বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁদের কারাদণ্ড দেওয়া হবে।’

জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে তিন ভুয়া ডাক্তারকে ১ লাখ ৪০ হাজার ও তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাগরিকা রোডের মুরগির ফার্ম এলাকায় সুজন দেবনাথকে এক লাখ টাকা, মোস্তফা কামালকে ২০ হাজার ও প্রদীপ কান্তি দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে ওষুধ সংরক্ষণের অপরাধে অলংকার মোড়ের জনতা ফার্মেসিকে পাঁচ হাজার এবং ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ওষুধ ও সরকারি ওষুধ বিক্রির অপরাধে সৌদিয়া ফার্মেসিকে ১০ হাজার ও লোকনাথ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।