অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত শুক্রবার রাতে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন।
সদরের পালং মডেল থানা-পুলিশ জানায়, ১৩ বছর বয়সী মেয়েটির বাবা কৃষক। একই গ্রামের চার ব্যক্তি গত শুক্রবার রাত একটার দিকে তাদের ঘরে ঢুকে মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে বাগানে ফেলে চলে যায়। এলাকাবাসী পরে তাকে উদ্ধার করে।
মেয়েটির মা বলেন, বাড়ির একটি কক্ষে তাঁর মেয়ে একা ঘুমিয়ে ছিল। চারজন ঘরের বেড়া ভেঙে তাঁর মেয়েকে তুলে নিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে তাঁরা বাগানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
মেয়েটির বাবা পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
মেয়েটির বাবা বলেন, তিনি গরিব কৃষক। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। তাঁর মেয়ে এত বড় ধাক্কা কীভাবে সামলে উঠবে?
তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।