অসতর্কতায় নবজাতকের মৃত্যু, পরে আপস
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের নিউ জননী মেডিকেল সেন্টার ও হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে সেবিকা দিয়ে গত রোববার এক প্রসূতির সন্তান প্রসব করানো হয়। এ সময় সেবিকার অসতর্কতার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে প্রসূতির পরিবার।
এ ঘটনার পর নিহতের স্বজনেরা হাসপাতাল ঘেরাও করে সেবিকা আয়েশা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই প্রসূতির পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ ৭০ হাজার টাকায় বিষয়টি আপসরফা করে দেয়।
নবজাতকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কাজী নূরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের প্রসব বেদনা ওঠে। পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেবিকা আয়েশা আক্তারকে দিয়ে সেলিনার স্বাভাবিক বাচ্চা প্রসবের চেষ্টা করা হয়। এভাবে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করা হয়। পরে ওই প্রসূতির গর্ভ থেকে মৃত সন্তান বের করা হয়। এতে উত্তেজিত হয়ে নবজাতকের স্বজনেরা হাসপাতাল ঘেরাও করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে থানায় নিয়ে আসে। পরে গত রোববার রাতে থানায় ৭০ হাজার টাকায় বিষয়টির মীমাংসা করা হয়। এর মধ্যে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা পরে দেওয়ার কথা হয়।
সেলিনা বলেন, ‘ওই সেবিকাকে অনেকবার কইছি, এভাবে ডেলিভারি হইব না। আমারে অপারেশন থিয়েটারে নিয়া যান। তারা অপারেশন থিয়েটারে না নিয়া তিন-চার ঘণ্টা নরমাল ডেলিভারির চেষ্টা করেছে। তারা হাতে ধইরা আমার বাচ্চাটারে মারছে।’
এ ব্যাপারে জানতে হাসপাতালের মালিক দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের মুঠোফোনে গতকাল সোমবার বিকেলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া এ ব্যাপারে জানতে আয়েশা আক্তারের মুঠোফোনেও একাধিকবার ফোন করলে তিনি ফোন ধরেননি।
কুমিল্লার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, ‘ওই হাসপাতালের কোনো লাইসেন্স নেই। অনুমোদনহীন হাসপাতালটি সিলগালা করে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে। এ হাসপাতালে ডেলিভারি করার কোনো সুযোগ নেই। এরপরও আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। একই সঙ্গে শিশুমৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত করব।’
ওসি রসুল আহমদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আইনশৃঙ্খলা ঠিক রাখে। এ ঘটনায় নবজাতকের পরিবার কোনো মামলা করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবার সমঝোতা করেছে। পুলিশ এ ক্ষেত্রে আইনবিরোধী কোনো কাজ করেনি।