ষষ্ঠ ব্যাচের পাঁচ শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করায় ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ১২ ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই কলেজের একাডেমিক কাউন্সিল গত সোমবার এ ব্যবস্থা নেয়।
ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত এ মেডিকেল কলেজটি পরিচালনা করে ফরিদপুর ডায়াবেটিক সমিতি।
শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, ওই ১২ শিক্ষার্থীকে চার মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার, আজীবনের জন্য তাঁদের কলেজ ছাত্রীনিবাস থেকে বহিষ্কার এবং প্রত্যেক ছাত্রীকে ১০ হাজার টাকা করে জরিমানা।
কলেজ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের জন্য কলেজ ভবনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে পরিবেশিত খাবার মানসম্মত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ষষ্ঠ ব্যাচের পাঁচ শিক্ষার্থী বিভিন্ন মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ আগস্ট পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত ছাত্রীনিবাসের একটি কক্ষে ষষ্ঠ ব্যাচের ওই পাঁচ শিক্ষার্থীকে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখাসহ বিভিন্নভাবে নির্যাতন করেন।
কলেজের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে এক ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করলে কলেজের একাডেমিক কাউন্সিল সার্জারি বিভাগের শিক্ষক মো. নাসিরউদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রতিবেদনে ১২ শিক্ষার্থীকে দায়ী করে। গত সোমবার একাডেমিক কাউন্সিল এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।