অসদুপায় অবলম্বন, তিনজনের ভর্তি পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল সোমবার অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁরা বিশ্ববিদালয়ের অন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
ওই শিক্ষার্থীরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার নাজমুল হুদা, চাঁদপুরের লুৎফর রহমান ও রাজশাহীর দুর্গাপুরের মিজানুর রহমান। এর মধ্যে লুৎফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এফ ইউনিটের বিজ্ঞান গ্রুপ, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এফ ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপ ও দুপুর একটা থেকে ২টা পর্যন্ত জি-ইউনিটের পরীক্ষা হয়। তবে ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) অ-বিজ্ঞান গ্রুপের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ৩৫৩ ও ৪১৬ নম্বর কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান প্রথম আলোকে জানান, পরীক্ষা চলাকালে লুৎফর প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত করে নাজমুলকে সরবরাহ করছিলেন। এ সময় পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে এ দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে সোপর্দ করেন। এ ছাড়া মিজানুরের রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষা বোর্ডের স্বাক্ষরহীন ছবি দেখতে পান হলের দায়িত্বরত পরিদর্শক। পরে যাচাই করে সেটি নতুন লাগানো ছবি বলে প্রমাণিত হয়। জালিয়াতির অভিযোগে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে সোপর্দ করা হয়। পরে তিনজনেরই পরীক্ষা বাতিল করা হয়। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এর আগে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভ্রাম্যমাণ আদালতের আইনের মধ্যে না পড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরতুজা-উল-মুহিত তাঁদের বিচার করা থেকে বিরত থাকেন। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।