অসদুপায়ের অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দুই শিক্ষক এবং ফার্মেসি বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে গবেষণা প্রবন্ধ প্রকাশে অসদুপায় অবলম্বনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন এ বিষয়ে কমিটি গঠন করা হলেও সম্প্রতি এ সম্পর্কে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সূত্রে জানা যায়, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রভাষক আফরোজা পারভীন ও তাঁর স্বামী একই বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান এবং ফার্মেসি বিভাগের ছাত্র মো. রাকিব হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি চিঠি পাঠানো হয়। এটি পাঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এন্টেরিক অ্যান্ড ফুড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির প্রধান কায়সার আলী তালুকদার।
চিঠিতে বলা হয়, ডায়রিয়া রোগের জন্য দায়ী সালমোনেলা প্রজাতির ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক তৈরির উদ্দেশ্যে পরিচালিত গবেষণা সম্প্রতি প্রবন্ধ আকারে প্রকাশ করেছেন আফরোজা পারভীন।
ব্রিটিশ মাইক্রোবায়োলজি রিসার্চ জার্নালের ২০১৫ সালের ভলিউম ছয়ের এক নম্বর ইস্যুতে প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।
কায়সার আলী চিঠিতে লেখেন, তিনি ওই গবেষণার পরিকল্পনা করেছেন। আইসিডিডিআরবির আর্থিক সহায়তায় গবেষণাটি করা হয়। প্রবন্ধে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে কায়সার আলী ও ইসরাত জাহান আজমীর নাম উল্লেখ করা হয়েছে। তবে এ দুজন গবেষণা প্রবন্ধটির চূড়ান্ত পাণ্ডুলিপি অনুমোদন করেছেন বলে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রবন্ধটি আফরোজা তাঁর (কায়সার) অনুমতি ছাড়াই জার্নালে প্রকাশ করেছেন। প্রবন্ধ প্রকাশের এই প্রক্রিয়াকে তিনি গুরুতর অসদুপায় (সায়েন্টিফিক মিসকনডাক্ট) বলে অভিহিত করেন।
প্রবন্ধে গবেষণার নকশাকারী হিসেবে আফরোজা ও মাহমুদুলের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গবেষণার বিশ্লেষণ ব্যবস্থাপনা ও সাহিত্য অনুসন্ধানকারী হিসেবে মো. রাকিব হাসানের নাম দেওয়া হয়েছে। কিন্তু এ গবেষণার সঙ্গে মাহমুদুল ও রাকিব কোনোভাবেই যুক্ত ছিলেন না বলে চিঠিতে উল্লেখ করেন কায়সার আলী।
এ বিষয়ে আফরোজা পারভীন বলেন, ‘এটি ভালো একটি গবেষণা। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও কোনো সহযোগিতা না পেয়ে প্রবন্ধটি প্রকাশ করতে বাধ্য হয়েছি।’ মাহমুদুল ও রাকিব নাম উল্লেখ করার বিষয়ে আফরোজা বলেন, তাঁরা দুজনই তাঁকে গবেষণায় সাহায্য করেছেন, তাই তাঁদের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করতে জীববিজ্ঞান অনুষদের ডিন আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান ও উপরেজিস্ট্রার (কাউন্সিল/টিচিং) মো. আবু হাসানকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেকজন সদস্য হলেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম বদিয়ার রহমান।
আব্দুল জব্বার হাওলাদার বলেন, প্রশাসনিকভাবে এ কমিটি গঠন করা হয়েছে। তাঁরা ঈদুল ফিতরের ছুটির পরই কাজ শেষ করে প্রতিবেদন জমা দেবেন।