অসাবধানতায় বের হলো গুলি, ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের অনুমোদিত বন্দুক থেকে বের হওয়া গুলির ছররায় এক ইউপি সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই ইউপি চেয়ারম্যানের নাম নজরুল ইসলাম। আহত ব্যক্তির নাম জহির হোসেন। তিনি মাগুরা ইউপির সদস্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে চেয়ারম্যান নজরুলসহ কয়েকজন পিআইওর কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় তাঁর বন্দুক থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হয়। গুলিটি মেঝেতে লাগে। গুলিটির ছড়িয়ে পড়া ছররার আঘাত লেগে জহির হোসেন আহত হন। হঠাৎ গুলির শব্দে উপজেলা পরিষদে আতঙ্ক তৈরি হয়। তখন উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন।

ইউএনও আবদুল জলিল বলেন, নজরুল ইসলামের অনুমোদিত শটগান থেকে একটি গুলি বেরিয়ে গেছে। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।

চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘পিআইওর দপ্তরে একটি সভা ছিল। সভা শুরুর আগে বন্দুক থেকে গুলি বের করে ব্যাগে রেখে ট্রিগার চেপে দেখি। অসতর্কভাবে একটি গুলি ভেতরে থেকে যায়। ট্রিগার চাপার সঙ্গে সঙ্গে সেটি বেরিয়ে যায়। বন্দুকের নল ওপর দিকে থাকলে বড় অঘটন ঘটতে পারত।’