অসামাজিক কর্মকাণ্ড, এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ফরিদ উদ্দিন নামের ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নলদী বাজার–সংলগ্ন আহাদের চাতালের পাশে ওই গণপিটুনির ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ প্রায় দুই বছর ধরে নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই এলাকার একটি বাড়িতে তাঁর যাতায়াত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ফরিদ দীর্ঘদিন ধরে ওই বাড়িতে যাতায়াত করতেন। ওই বাড়ির এক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে তিনি ওই বাড়িতে ঢোকেন। সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন ওই বাড়িতে যান। এ সময় ফরিদকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে গণধোলাই দেওয়া হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।