অসামাজিক কার্যকলাপ, রেস্তোরাঁ সিলগালা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর বেড়িবাঁধ এলাকার একটি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সাংসদ দিদারুল আলমের উপস্থিতিতে রেস্তোরাঁটি সিলগালা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাদক সেবনের দায়ে ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসেন এবং সাহাব উদ্দীন ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাংসদ দিদারুল আলম বলেন, এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, নাগরদোলা নামের ওই রেস্তোরাঁয় অসামাজিক কার্যকলাপ চলছে। এরই পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
মাহাবুব আলম বলেন, রেস্তোরাঁটিতে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি প্রকাশ্যে মাদক বিক্রি করা হতো। তিনি বলেন, মদপানের দায়ে তিনজনকে জরিমানা করা হয়। এ ছাড়া রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়।