অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে তিনজনকে জরিমানা
নীলফামারীর ডোমার পৌর এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে তিন মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা ওই জরিমানা করেন। আদালত মাংস পুঁতে ফেলার নির্দেশ দেন।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ডোমার পৌরসভার চিকনমাটির মোড়ে তিন মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করে প্রতি কেজি মাংস আড়াই শ টাকা দরে বিক্রি করছিলেন। এলাকাবাসী এ বিষয়ে অভিযোগ করলে ইউএনও সাবিহা সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য আইনের ৪৪ ধারায় টেবিল ৬ (১) মোতাবেক তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
মাংস বিক্রেতারা হলেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি সরকার পাড়ার রবিউল ইসলাম (৪০), রাশেদ (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)।
ডোমার থানার এসআই আরমান আলী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।