অসুস্থ মাকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন ছেলে
অসুস্থ মাকে দেখতে নোয়াখালী থেকে চট্টগ্রামে ছুটে আসেন নাছির উদ্দিন (৩৪)। পথে যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় তাঁর। ততক্ষণে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। মায়ের অবস্থা জানতে হাসপাতালের ফটক থেকে মুঠোফোনে এক চাচির সঙ্গে কথা বলেন তিনি। ওই চাচি মায়ের সঙ্গে হাসপাতালেই ছিলেন। তিনি তাঁকে বিশ্রাম নিয়ে আবার সকালে আসতে বলেন। কিন্তু মাকে দেখার আগেই ছিনতাইকারীর হাতে প্রাণ হারান নাছির।
গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে থেকে নাছিরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, রাতে হাসপাতাল থেকে চাচির বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আঘাতের ধরন দেখে পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীদের সঙ্গে নাছিরের ধস্তাধস্তি হয়েছে। তাঁর মুঠোফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সঙ্গে থাকা সাড়ে আট হাজার টাকা অবশ্য নিতে পারেনি।
নাছির দেড় বছর আগে দুবাই থেকে ফিরেছেন। আবারও সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, চোখের চিকিৎসার জন্য সপ্তাহ খানেক আগে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে চট্টগ্রামের পশ্চিম খুলশীর জালালাবাদ এলাকায় নাছিরের এক চাচার বাসায় ওঠেন তাঁর মা মোবাশ্বেরা বেগম (৬২)। গত বৃহস্পতিবার সকালে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় মোবাশ্বেরাকে। সেদিনই তাঁর চোখের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। খবর পেয়ে অসুস্থ মাকে দেখতে বৃহস্পতিবার রাতে বাসে করে বাড়ি থেকে রওনা দেন নাছির। কিন্তু যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে রাত তিনটা বেজে যায়।
নিহত নাছিরের চাচা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, অনেক রাত হয়ে যাওয়ায় হাসপাতালে আর ঢুকতে পানেনি নাছির। পরে মুঠোফোনে তাঁর চাচি হোসনে আরার সঙ্গে কথা বলেন। তাঁকে জালালাবাদের বাসায় (চাচির বাসা) গিয়ে বিশ্রাম নিতে বলেন। নাছিরের মা এমনিতেই অসুস্থ, এ অবস্থায় ছেলের এমন মৃত্যুর শোক তিনি কীভাবে সামলাবেন!
হত্যাকাণ্ডের ঘটনায় নাছিরের আরেক চাচা আলী বাদল বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছেন। জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে পাহাড়তলী চক্ষু হাসপাতাল গেটের সামনের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহতের ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনেরা লাশ শনাক্ত করেন। লাশটি মাকে দেখতে আসা নাছিরের।