অসুস্থ মাকে দেখতে গিয়ে লাশ হলেন ছেলে
হাসপাতালে অসুস্থ মাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ছেলে। নিহত ছেলের নাম নাছির উদ্দিন (৩৪)। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের খুলশী থানার পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন নাছিরের মা মোবাশ্বেরা বেগম (৬২)। তাঁকে দেখার আগেই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাছিরকে প্রাণ হারাতে হয়।
নাছিরের চাচা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, চোখের সানি অস্ত্রোপচারের জন্য সপ্তাহ খানেক আগে নাছিরের মা মোবাশ্বেরা নোয়াখালীর সোনাইমুড়ি থেকে এসে চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশী জালালাবাদে তাঁর এক চাচার বাসায় ওঠেন। বৃহস্পতিবার সকালে চক্ষু হাসপাতালে ভর্তি হন মোবাশ্বেরা। সেদিন তাঁর চোখের অস্ত্রোপচার হয়। অসুস্থ মাকে দেখতে নোয়াখালী থেকে বৃহস্পতিবার রাতে বাসে করে চট্টগ্রাম আসেন নাছির। কিন্তু যানজটের কারণে তাঁর হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। রাত তিনটার দিকে তিনি হাসপাতালে এলেও ভেতরে ঢুকতে পারেননি। হাসপাতালে গেটে আসার পর তাঁর মায়ের সঙ্গে থাকা চাচি হোসনে আরার সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়। তখন চাচি তাঁকে বাসায় ফিরে যেতে বলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে পাহাড়তলী চক্ষু হাসপাতাল গেটের সামনে ড্রেনে একটি মরদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে নিহত ব্যক্তির স্বজনেরা শনাক্ত করেন মরদেহটি অসুস্থ মাকে দেখতে আসা নাছিরের।
ওসি বলেন, এ ঘটনায় নিহত নাছিরের চাচা আলী বাদল বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
আলী বাদল জানান, হাসপাতালে ঢুকতে না পেরে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাঁর ভাতিজাকে খুন করে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি কিছু করেন না। মরদেহ দাফনের জন্য শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি সোনাইমুড়িতে নিয়ে যাওয়া হয়।