অস্ট্রেলিয়ান হাইকমিশনে ই-মেইলে হুমকিদাতা গ্রেপ্তার

ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনে ই-মেইলে হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ব্যক্তি অর্থ দাবি করে বেসরকারি সংগঠন জাগো ফাউন্ডেশনেও হুমকি দিয়ে ই-মেইল করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম তৌসিফ হোসেন ওরফে সীমান্ত (২৮)। তিনি একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ হোসেন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ভিসা করিয়ে দেওয়ার কথা বলে নুরুল হক মুন্না নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ১ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু তিনি ভিসা করিয়ে দিতে পারেননি। পরে মুন্নার ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করেন। মুন্নার নামে একটি ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ই-মেইল করেন। ই-মেইলে মুন্নার ব্যাংক হিসাব নম্বর ও মুঠোফোন নম্বর উল্লেখ করেন।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ২৫ ও ২৬ এপ্রিল তৌসিফ হোসেন ৫ লাখ টাকা চেয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনে দুটি পৃথক ই-মেইল করেন। টাকা না দিলে ওই দুটি প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।
মাসুদুর রহমান জানান, তৌসিফ হোসেনের বাসা থেকে একটি ল্যাপটপ, মুঠোফোন ও রাউটার জব্দ করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার তৌসিফ হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। তিনি দুটো ই-কমার্স সাইটে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের দীঘলিয়ায়। বনশ্রীতে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি থাকতেন। তাঁর বাবা জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন।