অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নারী ও তাঁর সাবেক স্বামীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনির স্মিথফিল্ডের এক বাড়ি থেকে বাংলাদেশি নারী তাসমিন বাহার ও তাঁর সাবেক স্বামী ডেভ পিল্লাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির স্মিথফিল্ডের এক বাড়ি থেকে বাংলাদেশি নারী তাসমিন বাহার ও তাঁর সাবেক স্বামী ডেভ পিল্লাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির স্মিথফিল্ডের এক বাড়ি থেকে বাংলাদেশি নারী ও তাঁর সাবেক স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের তিন বছরের মেয়েকে পাওয়া গেছে ঘুমন্ত অবস্থায়। সিডনি মর্নিং হেরাল্ডের খবরে আজ সোমবার এ খবর জানানো হয়।

স্থানীয় পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ঘটনাটি ‘হত‌্যার পর আত্মহত‌্যা’।

নিহত ওই বাংলাদেশি নারীর নাম তাসমিন বাহার (৩৫)। তাঁর সাবেক স্বামী ডেভ পিল্লাই (৪০)। ছয় বছর সংসার করার পর সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিয়ে তাসমিন অন‌্য বাসায় চলে যান। তবে রোববার বাবা দিবস উপলক্ষে মেয়েকে নিয়ে তিনি স্মিথফিল্ডে সাবেক স্বামীর বাসায় গিয়েছিলেন।

রোববার দুপুরে পিল্লাইয়ের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে বাথরুমে দুজনের লাশ দেখে পুলিশকে খবর দেন বলে খবরে বলা ​হয়েছে।

খবরে আরও বলা হয়, তাসমিনের মৃত‌্যুর খবর পেয়ে তাঁর বোন শারজিন বাহার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ায় যাবেন। তাঁর দাবি, পিল্লাই মারধরের হুমকি দেওয়ায় তাঁর বোন মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি তাঁর বোন পুলিশকেও জানিয়েছিল। তিনি আরও বলেন, ‘আমি বোনকে বলেছিলাম স্মিথফিল্ডের ওই বাড়িতে না যেতে। কিন্তু বাবা দিবস বলে মেয়েকে নিয়ে আমার বোন সেখানে যান।’

সিফাত শারমিন রুপন্তি নামে তাসমিনের এক স্বজন বলেন, সংসার করার সময় ডেভ পিল্লাই যে হুমকি দিচ্ছিলেন, সে কথা তাসমিন তাঁকে জানিয়েছিলেন। তাঁর ভাষ্য, বাবা দিবসে মেয়েকে দেখতে চান বলে ডেভ পিল্লাই তাঁর সাবেক স্ত্রীর কাছে দাবি করেছিলেন। তাই মেয়েকে নিয়ে স্মিথফিল্ডের বাড়িতে গিয়েছিলেন তাসমিন।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সিডনির পুলিশ জানিয়েছে।